নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুর ১২৫ তম জন্মবর্ষ হলো উদযাপন
দীপ দেব আসাম
আজ নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুর নেতৃত্বে ১৯৪৩ সালের ২১ অক্টোবর গঠিত আজাদ হিন্দ সরকারের ৭৮ তম বর্ষপূর্তি উপলক্ষে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ উদযাপন সমিতি, কাছাড় এর উদ্যোগে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের সূচনায় উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সমিতির সম্পাদক প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্র নাথ। তিনি নেতাজীর স্বপ্নের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে শপথ ১৯৪৩ সালের ২১ অক্টোবর আজাদ হিন্দ ফৌজের সামনে পাঠ করেছিলেন তা আজ সেখানে পাঠ করে শোনান। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী ও ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মিহির নন্দী এবং নেতাজী ফাউন্ডেশনের জেলা সভাপতি প্রাক্তন বাস্তুকার নিহার রঞ্জন পাল। নিহার রঞ্জন পাল তার বক্তব্যে ভারতের স্বাধীনতা সংগ্রামের আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বলেন যে সেদিন বৃটিশ সাম্রাজ্যবাদ বুঝতে পেরেছিল যে ভারতের জনগণ নেতাজী সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে সাম্রাজ্যবাদী শাসনের অবসানে শেষ যুদ্ধে লিপ্ত হয়েছে। পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যুদ্ধবন্দী বৃটিশ ভারতের সৈন্যদের নিয়ে গঠিত আজাদ হিন্দ বাহিনী ভারতীয়দের মনে যে আশার সঞ্চার করেছিল তারই পথ ধরে পরবর্তীতে নৌ বিদ্রোহ সংগঠিত হয়। তিনি এও বলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বৃটেন জয়লাভ করে ভারতের স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল বিপ্লবের ভয়ে। তিনি ছাত্র যুবদের নেতাজীর জীবনের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক চর্চা করতে আহ্বান জানান। সমিতির অন্যতম সহ – সভাপতি ও সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ মহাশয় উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও জনগনের সামনে নেতাজী সুভাষচন্দ্র বসুর স্বপ্নের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীতে সংগ্রাম চালিয়ে যেতে শপথ বাক্য পাঠ করান। আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে সমিতির অন্যতম সহ সভাপতি তথা প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ চন্দ্র দত্ত, অধ্যাপক অজয় রায়, হিল্লোল ভট্টাচার্য, দিলীপ নাথ, চাম্পা লাল দাস, খাদেজা বেগম লস্কর ছাড়াও উপস্থিত ছিলেন এস ইউ সি আই ( কমিউনিস্ট ) দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, এ আই ডি ওয়াই ও’র জেলা সম্পাদক বিজিত কুমার সিংহ, সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুলী, এ আই ডি এস ও’র জেলা সম্পাদক গৌর চন্দ্র দাস, সহ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, মার্চ ফর সায়েন্স এর মধুমিতা দেব, এ আই ওয়াই এল এর রাজু চৌধুরী সহ অন্যান্যরা।
