আজ শহিদ ক্ষুদিরাম বসুর ১৩৩ তম জন্মদিবস পালন করা হয়
Reporting by দ্বীপ দেব
অগ্নিযুগের অগ্নিশিশু শহিদ ক্ষুদিরামের ১৩৩ তম জন্মদিন উপলক্ষে শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। সকাল সাড়ে আটটায় শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেন ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক নকুল রঞ্জন পাল, অনুষ্ঠানের মুখ্য বক্তা অধ্যাপক ড. অজয় রায়, এস ইউ সি আই ( কমিউনিস্ট ) দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, দলের শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি, এ আই ডি ওয়াই ও’র জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ, সম্পাদক বিজিত কুমার সিংহ, এ আই ডি এস ও’র আসাম রাজ্য কমিটির সহ-সভাপতি হিল্লোল ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌর চন্দ্র দাস, এ আই এম এস এস এর পক্ষে গৌরি চন্দ ছাড়াও উপস্থিত নাগরিকরা। অনুষ্ঠানের সূচনায় উদ্বোধনী সঙ্গীত, করেন এ আই ডি এস ও’র শিল্পীরা। উদ্বোধনী সঙ্গীতের পর কিশোর কিশোরী সংগঠন কমসোমলের পক্ষ থেকে ক্ষুদিরামের উদ্দেশ্যে ‘গার্ড অফ ওনার’ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের মুখ্য বক্তা অধ্যাপক অজয় রায় বলেন ক্ষুদিরামের আত্মবলিদানের ইতিহাস আজও আমাদের সংগ্রামের প্রেরণা জোগায়। তিনি আক্ষেপ করে বলেন ক্ষুদিরাম যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, সেই ভারত আমরা পাই নাই। সেদিন যারা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন আজ তারা নিজেদের প্রকৃত দেশপ্রেমিক হিসেবে প্রচার করছেন। অথচ প্রকৃত দেশপ্রেমিক ও স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোরও প্রয়োজন বোধ করেন না। মুখ্য বক্তার বক্তব্যের পর একক সঙ্গীত পরিবেশন করেন প্রিয়ঙ্কা দাস, স্বর্ণালী চন্দ প্রমূখ। এছাড়াও আজ ধোয়ারবন্দ বাজারে ক্ষুদিরামের জন্মদিন উপলক্ষে এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও এর পক্ষ থেকে আয়োজিত হয় অনুষ্ঠান। সেখানে ক্ষুদিরামের পথিকৃতি স্থাপন করে মাল্যদান করেন এ আই ডি ওয়াই ও জেলা কমিটির সহ-সভাপতি পরিতোষ ভট্টাচার্য, দিলীপ কালোয়ার, এ আই ডি এস ও’র জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, গৌরিশ দেব,রীতা বাগতি প্রমূখ। সংগঠনগুলির উদ্যোগে শ্রীকোনা, আশ্রম রোড, মেহেরপুর ও দুধপাতিলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
